
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বজ্রপাতে সুনাম উদ্দিন (৬০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বিবিয়ানা নদীর তীরবর্তী মমিনা হাওড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুনাম উদ্দিন বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের রামপুর গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে কৃষক সুনাম উদ্দিন বিবিয়ানা নদীর তীরবর্তী মমিনা হাওড়ে ধান কাটতে যান। এ সময় আকস্মিক আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। ধান কাটা অবস্থায় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। আশপাশে থাকা অন্য কৃষকরা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ দিকে, বোরো মৌসুমের এই সময়ে ধান কাটারত অবস্থায় কৃষকের এমন আকস্মিক মৃত্যুতে রামপুর গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী নিহতের বাড়িতে ভিড় করেন। তড়িঘড়ি করে ধান ঘরে তোলার আনন্দ এখন পরিবারটিতে বিষাদে পরিণত হয়েছে।