নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে লাখ টাকা জরিমানা

হবিগঞ্জের নবীগঞ্জে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন।অভিযান সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার বড় আলীপুর ও মান্দারকান্দি এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় অনুমতি ব্যতিত বাণিজ্যিক উদ্দেশ্যে কৃষি জমি থেকে এক্সেভেটর (ভেকু) দিয়ে মাটি উত্তোলনের অপরাধে হায়দর মিয়া পিতা- খমর উদ্দিন নামে এক ব্যক্তিকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।এর আগে গত ২৮ ফেব্রুয়ারি উপজেলার রিফাতপুর এলাকায় পৃথক এক অভিযানে একই অপরাধে রোমান মিয়া পিতা- নূর মিয়া নামে আরেক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন জানান, কৃষি জমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরণের অভিযান আগামীতেও পরিচালনা করা হবে।