
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থলে পুলিশকেও দেখা গেছে।বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লতিবপুর গ্রামের দিদার মিয়া ও উমরপুর গ্রামের তপনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনার জেরে বিকালে দুই গ্রামের মধ্যবর্তী হাওর এলাকায় উভয়পক্ষ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় আধঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানায় নবীগঞ্জ থানা পুলিশ।