
নবীগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে মিম আক্তার (৮) নামের এক শিশু। শনিবার সন্ধ্যা ৬টার দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের সালামতপুরস্থ পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত মিম উপজেলার পানিউমদা ইউনিয়নের কুড়াগাঁও গ্রামের রিপন মিয়ার মেয়ে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে মিম তার মায়ের সঙ্গে কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামে নানা বাড়িতে বেড়াতে আসে। সেখান থেকে বিকেলে টমটম যোগে সালামতপুর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় তারা। পথিমধ্যে পেট্রোল পাম্পের সামনে টমটম থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বেপরোয়া মাইক্রোবাস (চট্ট-মেট্রো-গ ১১-৫৪২৫) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে এবং ঘাতক মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে আসে।ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. দুলাল মিয়া জানান, পুলিশ ঘাতক গাড়িটি আটক করেছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।