Share the post "নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় ইনাতগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত"

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নে সালেহ আহমদকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মোঃ ফজলু মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে এলাকা। শনিবার বিকেলে ইনাতগঞ্জ পূর্ব বাজারে সর্বস্তরের জনগণের ব্যানারে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ২২ মার্চ রাতে ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া-করিমপুর এলাকায় সালেহ আহমদকে পরিকল্পিত ভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। ফজলু মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী চায়নিজ কুড়াল ও দেশীয় অস্ত্র দিয়ে সালেহ আহমদকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় নবীগঞ্জ থানায় ফজলু মিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা হলেও এখন পর্যন্ত আসামিরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, অভিযুক্ত ফজলু মিয়ার অত্যাচারে দীর্ঘদিন ধরে এলাকাবাসী অতিষ্ঠ। তার বিরুদ্ধে সরকারি জমি, খেলার মাঠ ও জানাজার জায়গা দখলসহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে। এমনকি সরকারি বরাদ্দের ৭ লাখ টাকার একটি সেতু নিজের বাড়ির প্রয়োজনে ব্যক্তিগতভাবে ব্যবহারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বক্তারা অবিলম্বে এই হামলার মূল হোতা ফজলু মিয়াসহ সকল আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।উল্লেখ্য, ঘটনার দিন সন্ধ্যায় ফজলু মিয়ার ভাই সুহেল মিয়ার মাদক সংক্রান্ত একটি বিরোধ সালেহ আহমদ মীমাংসা করে দিয়েছিলেন। এরই জেরে পরিকল্পিতভাবে তার ওপর এই নৃশংস হামলা চালানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।