
নবীগঞ্জ উপজেলার ইনায়েতগঞ্জ ইউনিয়নে প্রবাসীসহ দুজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার ঘটনায় দায়েরকৃত মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মামলার প্রধান আসামী ফজলু মিয়া (৪৮) এবং ৬ নং আসামী সুহেল মিয়া (৩৫)। পুলিশ সূত্রে জানা গেছে, মামলার ১ নং আসামী ফজলু মিয়া আদালতে হাজিরা দিতে গেলে তাকে গ্রেফতার করা হয়। অন্যদিকে, ৬ নং আসামী সুহেল মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, ফজলু মিয়ার চাচাতো ভাই সুহেল মিয়াকে রুজেন মিয়া নামে এক ব্যক্তি গাঁজাসহ আটক করলে তাদের মধ্যে ধস্তাধস্তি ও মারামারি হয়। ওই সময় সালেহ আহমদ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসা করে দেন। এই ঘটনার জেরে গত ২২ মার্চ রাতে ইনায়েতগঞ্জ ইউনিয়নের কাকুড়া গ্রামে একদল সশস্ত্র লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে স্পেন প্রবাসী ছালেহ আহমদ ও তার আত্মীয়দের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় ছালেহ আহমদকে হত্যার উদ্দেশ্যে মাথায় রামদা দিয়ে কোপানো হয় এবং লোহার রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়। এসময় হামলাকারীরা তার ব্যবহৃত একটি আইফোন ১৫ প্রো ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে এবং নগদ টাকাসহ প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে। আহত ছালেহ আহমদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সিলেটে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় কাকুড়া গ্রামের মো. আবুল কাশেম বাদী হয়ে নবীগঞ্জ থানায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া আসামীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।