
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিজ বসতঘর থেকে ফেরদৌসী ইসলাম চৌধুরী (৫৩) নামের এক নারীর হাত-পা বাঁধা ও মুখে কস্টিপ লাগানো মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লামনীরপাড় গ্রামের নিজ বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের নিজ ঘরে হাত ও পা রশি দিয়ে বাঁধা এবং চিৎকার রোধ করতে মুখে কস্টিপ পেঁচানো অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্বজনরা চিৎকার শুরু করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এমন নৃশংস ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে চুরির উদ্দেশ্যে নাকি অন্য কোনো পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে । এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।